বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ক্ষমতাকে পাকাপোক্ত করতে বিভিন্ন কৌশলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে।
ক্ষমতাসীন সরকার জানে যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে তারা কোনো দিনই ক্ষমতায় আসতে পারবে না। সে জন্য তারা সুষ্ঠু নির্বাচন করবে না।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইউনিভার্সিটিতে এমবিএ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) আয়োজিত ২০১৬-২০১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।
ফখরুল বলেন, আজ বাংলাদেশে যে অবস্থা, তা শুধু অর্থনৈতিক নৈরাজ্য নয়, সামাজিক ও রাজনৈতিক নৈরাজ্য শুরু হয়েছে—যা দেশকে দ্রুত রসাতলে নিয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে সবার ঐক্য দরকার।
বিএনপির মহাসচিব বলেন, প্রস্তাবিত অবৈধ শাসনকে পাকাপোক্ত করার জন্য যা কিছু লুণ্ঠন করা দরকার, সেই ব্যবস্থা করা হচ্ছে। বাংলাদেশের অর্থনীতি উন্নয়নের দিকে যাচ্ছে, বিষয়টি জনগণের মধ্যে প্রচারের জন্য বাজেটের আকার বাড়ানো হয়েছে। বাজেটে সাধারণ মানুষের ওপর করের বোঝা কয়েক গুণ বাড়বে বলে মন্তব্য করেন তিনি।
সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ, খন্দকার মোস্তাহিদুর রহমান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ। সভাপতিত্ব করেন ম্যাবের সভাপতি সৈয়দ আলমগীর।
এআই





