প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা ও সাবেক আমলা এইচ টি ইমাম বলেছেন, গত বছর ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের কাছে পুলিশ পরাজিত হলে দেশ অনেক পিছিয়ে যেতো।
শনিবার দুপুরে রাজারবাগ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি এ কে এম শহীদুল হকের ‘পুলিশ অ্যান্ড কমিউনিটি উইথ কনসেপ্ট অব কমিউনিটি পুলিশিং’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এইচ টি ইমাম বলেন, ওই দিন পুলিশ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুপরিকল্পিতভাবে কাজ করেছে। তা নাহলে আমরা আজ কোথায় যেতাম জানি না। দেশের অস্তিত্ব বিপন্ন হতো। তিনি পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে প্রতিনিয়ত কাজ করার অনুরোধ জানান। আর কোনো অপশক্তি দেশে নিয়ে ষড়যন্ত্র করতে দেয়া যাবে না। সেদিকে পুলিশ বাহিনীকে খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, পুলিশের আধুনিক প্রশিক্ষণ, অস্ত্র ও শিক্ষা অর্জন করা দরকার। পাশাপাশি মানসিকতার পরিবর্তনেরও দরকার আছে। আর এ বাহিনীর প্রতি মানুষের আরও বিশ্বাস ও আস্থা বাড়বে। তখন বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্রের দিকে ধাবিত হবে।’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আগে পুলিশ শাসন ও শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতো। এখন জনগণের নিরাপত্তা নিশ্চিত করে তাদের বন্ধু হয়ে কাজ করছে। অল্প সময়ে স্বল্প ব্যয়ে জনগণকে সেবা প্রদান করতে পুলিশ সদস্যদের আহবান জানান তিনি।
আইজিপি হাসান মাহমুদ খন্দকার বলেন, আধুনিক বিশ্বে কেবল বিশেষ বা সীমাবদ্ধ বাহিনী দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা করা যায় না। জনগণকে এসব কাজে যুক্ত করলে সফলতা পাওয়া যায়।
বইটিতে কমিউনিটি পুলিশিং-এর ধারণা, ইতিহাস-ঐতিহ্য, দর্শন ও বাস্তবায়ন কৌশলের পাশাপাশি বিভিন্ন দেশ ও বিখ্যাত শহরের কমিউনিটি পুলিশিং-এর কাজ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে বলে জানান মহানগর পুলিশের উপ কমিশনার মো. মাসুদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের আইজিপি হাসান মাহমুদ খন্দকার, এছাড়াওমহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ, সিআইডির প্রধান মোখলেছুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান উপস্থিত ছিলেন।
ঢাকা,একে,৯ আগস্ট,টাইমনিউজবিডি.কম, এআর





