শেখ হাসিনার কাছে নতিস্বীকার করে বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।
শনিবার বিকালে কামরাঙ্গী চর হাসপাতাল মাঠে কামরাঙ্গী চর থানা আওয়ামী লীগ আয়োজিত ‘কামরাঙ্গী চর থানা এবং ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন-২০১৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শিল্পমন্ত্রী বলেন, বিএনপি বলেছিল শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না। তাহলে এখন কেন উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে। হাসিনার অধীনে যখন তারা নির্বাচনে আসলোই তাহলে কেন হরতাল অবরোধের নামে নানুষ হত্যা করা হলো।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে অশংগ্রহণ না করে বিএনপি সাধারণ মানুষকে হত্যা করেছে। উপজেলা নির্বাচনে মানুষ তাদেরকে পরাজিত করে তার সমুচিত জবাব দেবে।
আমু বলেন, আওয়ামী লীগ ১৭২ দিন হরতাল-অবরোধ করেছিল। তারা বিএনপি-জামায়াতের বাড়ি ঘরে হামলা, হিন্দুদের ধর্ষণ, পেট্রলবোমা মেরে মানুষকে হত্যা করেনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের অভিশাপ বলে মন্তব্য করে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, খালেদা জিয়া পরাজিত সৈনিকের মত আবার আওয়াজ দিয়ে ক্ষমতায় আসতে চায়। এ আওয়াজ দিয়ে আর কাজ হবে না।
খালেদা জিয়ার উদ্দেশে মায়া বলেন, একটি দেশ ছাড়া আর কোন দেশ আপনার সাথে নেই। আছে একটি দেশ পাকিস্তান। তারা যা বলে সে অনুযায়ী আপনি কাজ করেন। আপনার স্বপ্ন পূরণ হতে দেয়া হবে না। যুদ্ধাপরাধীদের ফাঁসি হওয়া শুরু হয়েছে। দেশকে রাজাকার মুক্ত করা হবে।
দলে যারা খারাপ কাজ করবেন তাদের এ দলে জায়গা হবে না উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার দরকার শক্তিশালী, ভাল মানুষ দরকার। ১৯ বার হাসিনাকে হত্যার চেষ্টা করা হলেও আল্লাহ তাকে রক্ষা করবেন। কারণ আল্লাহ তাকে দেশের নেতৃত্ব দেয়ার জন্য পাঠিয়েছেন।
অনুষ্ঠান পরিচালনা করেন কামরাঙ্গী চর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা: মোশাররফ হোসেন খান।
কামরাঙ্গী চর থানা আওয়ামী লীগের সভাপতি হাজী মো: আবুল হোসেন সরকারের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দপ্তর সম্পাদক শহিদুল হক মিলন প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
রাজনীতি
নতিস্বীকার করে বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে: আমু
শেখ হাসিনার কাছে নতিস্বীকার করে বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।





