বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু বলেছেন, মেজর জিয়া যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তবে এদেশ স্বাধীন হতো না। শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি। এমন কথা লিখে বই বের করায় একে খন্দকারকে আওয়ামী লীগ আজ রাষ্ট্রদ্রোহী বলছে। আর সত্য কথা যেই বলছে তাকেই রাষ্টদ্রোহী হতে হচ্ছে।
রোববার সকালে টাঙ্গাইলের ভূঞাপুর ও গোপালপুর উপজেলায় বন্যা দূর্গতদের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামীতে আন্দোলন করে ভারতের তাবেদারী সরকার শেখ হাসিনাকে হটিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করা হবে।
ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক কৃষিবিদ শামসুল আলম তোফা, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল ও জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম প্রমুখ।
গোপালপুর উপজেলা চর শশুয়া, ভূঞাপুরের গাবসারা ও মাটিকাট পয়েন্টে অন্তত দুই হাজার বন্যা কবলিত মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





