স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ব্লগার-প্রকাশক হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করে ফেলেছি। দেশি ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে একাত্তরের পরাজিত শক্তি সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। দেশের মানুষ ধর্মভীরু হলেও ধর্মান্ধ নয়। আমরা সেসব মানুষদের আশার ওপর ভর করে এগিয়ে যেতে চাই।
শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ উপলক্ষে মেজর খালেদ মোশাররফ স্মরণসভায় এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্লগার হত্যায় পাঁচটি মামলার তিনটির চার্জশিট জমা হয়ে গেছে। এগুলোর বিচার কাজ শুরু হয়েছে। বাকি দু’টির চার্জশিট জমা দেওয়া বাকি আছে।
কামাল আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটছে। তারা এ ঘটনাগুলো ঘটানোর পর আইএস, আনসারুল্লাহ নাম দিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করতে চাইছে। সব কিছুই তারা করছে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম বানচাল করতে।
যারাই বিএনপি-জামায়াত-শিবির তারাই আইএস, তারাই আনসারুল্লাহ বলেও মন্তব্য করেন তিনি।
স্মরণসভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
সভায় সভাপতিত্ব করেন খালেদ মোশাররফের স্ত্রী সালমা খালেদ।
এআই





