হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৮ বছর আগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (১৭ এপ্রিল) দুপুরে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হাফিজ আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “২০১৩ সালের মামলায় আজ মোহাম্মদপুর থেকে জালালুদ্দীন আহমাদকে গ্রেফতার করা হয়েছে। আজই তাকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে।”

সম্প্রতি হেফাজতের ঘটনায় তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি-না জানতে চাইলে ডিবির এই কর্মকর্তা বলেন, “মামলা আছে কিনা যাচাই করা হচ্ছে। বিস্তারিত পরে জানা যাবে।”

এর আগে হেফাজতের ঢাকা মহানগর শাখার প্রচার সম্পাদক মুফতি আব্দুল মোমিন জানান, শনিবার দুপুরে মাওলানা জালালুদ্দীন আহমাদকে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল এলাকার বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মাওলানা জালালুদ্দীন আহমাদ হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব।

গতকাল (১৬ এপ্রিল) শুক্রবার সন্ধ্যায় রাজধানীর লালবাগ এলাকা থেকে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমদকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) লালবাগের টিম। পরে আজ (শনিবার) তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, মাওলানা জালালুদ্দীন আহমাদসহ এখন পর্যন্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ৮ জন নেতাকে গ্রেফতার করা হলো। এর বাইরে বিভিন্ন জেলা-উপজেলা থেকেও শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

এমবি