আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম। সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে হিরো আলমের পরিবার নিয়ে বিভিন্ন রকম কথা উঠেছে, যেখানে বলা হয়েছে হিরো আলম তার শ্যালিকাকে নিয়ে পালিয়ে এসেছিলেন। তার সন্তান ও স্ত্রীর খোঁজ নেন না। 

এছাড়া তার পরিবারের আরো অনেক বিষয় নিয়ে নানা রকম মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন হিরো আলম। এছাড়া এসময় হিরো আলমের স্ত্রীর সঙ্গেও কথা হয়। 

হিরো আলম বলেন, ‘ভাই দেখেন আমাকে নিয়ে কী সব বাজে কথাবার্তা বের করেছে। অনেক পত্রিকাগুলোতেই এসেছে। আমার বাসায় আমার বাবাকে এর জন্য অনেক সমস্যায় পড়তে হচ্ছে। এগুলো কিছু হল ভাই বলেন?’

নিজের রাজনৈতিক জীবন এবং লাইফস্টাইল, পরিবার ও স্ত্রী-সন্তান নিয়ে কথা বলেন হিরো আলম। 

হিরো আলম বলেন, ‘আমি আসলে আমার পালক বাবা-মার কাছে থাকি। তারা নিজেরা নিঃসন্তান। তাই আমাকে নিয়েই তারা থাকেন। আর আমার আসল বাবা গত বছর মারা গেছেন, কিন্তু মা বেঁচে আছেন। তিনি আমাদের সঙ্গেই একই বাড়িতে পাশাপাশি থাকেন। আর আমার স্ত্রী আছে। আমার দুই মেয়ে এক ছেলে আছে। আমাদের সুখী পরিবার। আর আমি সবসময় বলেছি, আমার সব ভালো কাজের জন্য আমার অনুপ্রেরণা আমার স্ত্রী। আর যেসব গুজব হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি চাইলে এ বিষয়ে আমার স্ত্রী সঙ্গে কথা বলতে পারেন।’

হিরো আলম তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বলেন, ‘আমি ইদানীং ঢাকায় বেশি থাকি। তাই আমার স্ত্রী ও আমার বাবা ব্যবসা দেখে। আমি সুযোগ পাইলেই চলে যাই। আমার বিরুদ্ধে বিপক্ষ পার্টির কয়েকজন নিউজ করাচ্ছে। তারা চায় আমার নামে বদনাম ছড়ায়ে দিয়ে আমাকে নির্বাচন থেকে সরাতে, আমি জানি কারা এসব করছে। এর আগেও এমন নিউজ তারা করিয়েছিল।’ সূত্র: সময় সংবাদ।

এসএম