বিগত ৫ জানুয়ারির নির্বাচনে বাংলাদেশের কোনো বড় দল অংশগ্রহন করেনি বিষয়টি জাপান সরকার অবগত আছে। সেজন্য সবদলের অংশগ্রহণে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানের আশা জাপানের প্রধানমন্ত্রীর।
সফররত জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠকের পর বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী উপস্থিত সাংবাদিকদের এসব কথা বললেন ।
শমসের মবিন বলেন, বৈঠকে বাংলাদেশের মানবাধিকার, আইনের শাসন ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা উন্নয়নে দু নেতা ঐক্যমত পোষণ করেছেন। এছাড়াও আর্থ সামাজিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অপরিহার্য বলে মনে করে জাপান।
বৈঠকের শুরুতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৪ বছর পর বাংলাদেশ সফরে আসায় নিজের ও দলের পক্ষ থেকে জাপানের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। তিনি তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
বৈঠকে শিনজে আবে দুইদেশের দ্বিপাক্ষিক সর্ম্পক গভীর ও বহুমুখী বলে উল্লেখ করেছেন।
দুইদেশের মধ্যকার দীর্ঘ দিনের সম্পর্ক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকার কথা বৈঠকে স্মরণ করেন খালেদা জিয়া।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য পদে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহার সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী বলেন, গণমাধ্যমের সংবাদে আমরা শুনতে পেরেছি, বাংলাদেশ প্রথম বারের মতো তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। ১৯৭৮ সালের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনের নিরাপত্তা পরিষদের সদস্য পদের জন্য জাপানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ বিজয়ী হয়েছিলো। তিনবার এই পদে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করেছিলো। এবারই প্রথম বাংলাদেশ প্রার্থিতা প্রত্যাহার করলো।
এর আগে শনিবার সন্ধ্যা ৭ টায় ১০ মিনিট থেকে সাড়ে ৭টা পর্যন্ত হোটেল সোনারগাঁয়ের বেঙ্গলি স্যুটের ৮১৯ নং রুমে দুনেতার বৈঠক অনুষ্ঠিত হয়।
দুই নেতার এই বৈঠকের সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত একটি সুত্রে জানা গেছে, বিএনপির পক্ষ থেকে সফররত জাপানের প্রধানমন্ত্রীর কাছে ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচন এবং দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি লিখিত বক্তব্য তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য শনিবার দুপুর ১২ টা ৫০ মিনিটে একটি বিশেষ বিমানে ২দিনের সফরে জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসেন। শিনজো আবের দুদিনের সফরে তার সঙ্গে এসেছেন তার স্ত্রী আকি আবে। গত ১৪ বছরের মধ্যে এটাই জাপানের কোনো প্রধানমন্ত্রীর প্রথম ঢাকা সফর।
ঢাকা, এমএইচ, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম





