মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দীন বলেছেন, ‘সরকার তথাকথিত সম্প্রচার নীতিমালার নামে গণমাধ্যমের কন্ঠরোধ করে দেশে আবারও একদলীয় বাকশালী শাসন কায়েমের ষড়যন্ত্র করছে।’
বৃহস্পতিবার রাজধানীতে সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে মহানগর জামায়াত আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘তারা জনগণের বাকস্বাধীনতা হরণ করে দেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের কবর রচনা করতে চায়। জনগণ সরকারের সে ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন হতে দেবে না।’ অবিলম্বে মন্ত্রীসভায় গৃহীত সম্প্রচার নীতিমালা বাতিল করে গণমাধ্যম ও জনগণের বাকস্বাধীনতা অক্ষুন্ন রাখার আহ্বান জানান তিনি।
মিছিলটি ধানমন্ডি ২৭নং থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানিক মিয়া এভিনিউ এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারী মোবারক হোসাইন, ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য লস্কর মোহাম্মদ তাসলীম ও মাওলানা দেলাওয়ার হোসাইন, ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য আ জ ম কামাল উদ্দীন, নাজিম উদ্দীন মোল্লা, সালাহউদ্দীন, শেখ শরীফ উদ্দীন আহমদ, এ্যাডভোকেট জসিম উদ্দীন তালুকদার, অধ্যাপক নূর নবী মানিক, আব্দুস সালাম, মাহফুজুর রহমান, সোলাইমান হোসেন ও মোস্তাফিজুর রহমান প্রমূখ।
ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





