ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন আসন্ন ঢাকা-১০ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদন ফরম জমা দিয়েছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তার পক্ষ থেকে দলীয় সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে তা বিকালে জমা দেয়া হয়েছে।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান এই তথ্য নিশ্চিত করেন। এছাড়া সাঈদ খোকনও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাঈদ খোকনসহ মোট তিনজন দলীয় সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আসেন। সাঈদ খোকনের পক্ষে ফর্ম জমা দেন তার এপিএস আবুল কালাম আজাদ ও বংশাল থানা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন সবুজ। এসময় নিচতলার ভেতরের বৈঠক রুমে বসেছিলেন সাঈদ খোকন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার পর গত ২৯ ডিসেম্বর ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। পরে তাপসের এই আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২১ মার্চ এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঢাকা-১০ আসনে এ পর্যন্ত ১০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মনোনয়ন ফরম সংগ্রহকারী অন্যদের মধ্যে রয়েছেন- ব্যবসায়ী নেতা শফিউল ইসলাম মহিউদ্দিন, মেজর (অব.) ইয়াদ আলী ফকির, অ্যাডভোকেট বশির, আদম তমিজী হক, ড. আব্দুল ওয়াদুদ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, মো. কুদ্দুসুর রহমান, এ এস এম কামরুল আহসান ও কাজী মোর্শেদ হোসেন কামাল।

এমবি