নববর্ষ উপলক্ষ্যে জাসাস আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত মঞ্চে সঙ্গীত পরিবেশনা শুরু করেন জাসাসের শিল্পীরা।

বিকালে অনুষ্ঠান উপভোগ করবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ইতোমধ্যেই খালেদা জিয়ার নিরাপত্তা রক্ষীদের একটি দল নয়াপল্টন দলীয় কার্যালয়ে অবস্থান নিয়েছেন।

উপস্থিত হয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ‍ড. আসাদুজ্জামান রিপন, সাংস্কৃতিক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, জাসাসের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানস্থলে ধীরে ধীরে জড়ো হতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। তবে পুলিশ বিএনপি নেতাকর্মীদের দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় দাঁড়াতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন নেতাকর্মীরা।

এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ফরিদউদ্দিন বলেন, জাসাসকে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠান করার অনুমতি দেয়া হয়েছে। তবে রাস্তা বন্ধ করে কোনো কর্মসূচি পালন করতে দেয়া হবে না।

জেএ