দেশের খনিজ সম্পদ লুট করা জন্য বিশ্বের পরাশক্তি রাষ্ট্রগুলো জঙ্গিবাদের সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

তিনি বলেন, আপনারা জানেন কিভাবে জঙ্গিবাদের সৃষ্টি করে আফগান্স্তিান, পাকিস্তান, ইরাক ও সিরিয়াকে ধ্বংস করে তাদের খনিজ সম্পদগুলো লুটে নিচ্ছে বিশ্বের পরাশক্তি রাষ্ট্রগুলো। তেমনি এরা চায়, বাংলাদেশেও জঙ্গিবাদের সৃষ্টি করে আগ্রাসন চালিয়ে আমাদের সম্পদগুলো লুট করতে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালে স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও হলি ফ্যামিলি কর্মকর্তা-কর্মচারি আয়োজিত শোক দিবসের আলোচনায় তিনি এসব অভিযোগ করেন।
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশে যে সম্পদ রয়েছে, যদি সেসবের সঠিক ব্যবহার করতে পারি তাহলে অচিরেই আমরা উন্নত দেশে পরিণত হব।

বঙ্গবন্ধু হত্যা সস্পর্কে তিনি বলেন, এই হত্যাকাণ্ড শুধু মাত্র একটি ব্যক্তি বা পরিবারের হত্যাকাণ্ড নয়, এটি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার উপর আঘাত।বঙ্গবন্ধুকে হত্যা করে খুনিরা বাংলাদেশকে যোগ্য নেতৃত্ব থেকে বঞ্চিত করেছে।পাকিস্তানের সাথে কনফেডারেশন করার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল বলেও মন্তব্য করেন।

শিল্পমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য এতো বার হত্যা চেষ্টার পরও আল্লাহ শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন।তাই শেখ হাসিনা যোগ্য নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এর প্রমাণ বিশ্ব ব্যাংক, আইএমএফ এর সহায়তা ছাড়াই বাজেট দিয়েছেন এবং পদ্মা সেতুর কাজ শুরু করেছেন। এটা শেখ হাসিনার যোগ্যতার প্রমাণ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি হাফিজ আহমদ মজুমদার, হলি ফ্যামিলি হাসপাতালের অধ্যক্ষ মনিরুজ্জামান ভূইয়া, স্বাচিপ সভাপতি ডা. ইকবার আর্সলান, স্বাচিপ মহাসচিব ডা. এম এ আজিজ প্রমুখ।

ইআর