আগামী ১০ এপ্রিল আদালত অবমাননার অভিযোগে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে জারি করা শোকজ নোটিশের বিষয়ে শুনানির দিন পুনর্নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
আজ সোমবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।
আজ  শুনানির দিন ধার্য থাকলেও আট সপ্তাহের সময়ের আবেদন করেন বিবাদীপক্ষ।
খন্দকার মাহবুব ব্যক্তিগত অসুবিধার কারণে হাজির হতে পারেননি জানিয়ে এই আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। আবেদনের বিরোধিতা করেন প্রসিকউটর জেয়াদ আল মালুম।
পরে ১০ এপ্রিল শুনানির দিন পুনর্নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায়ের পর এক প্রতিক্রিয়ায় ট্রাইব্যুনালে বিচার প্রসঙ্গে বিরূপ মন্তব্য করায় গত বছরের ৬ অক্টোবর সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবীর বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না জানতে চেয়ে শোকজ নোটিশ জারি করেন ট্রাইব্যুনাল।
গত ৩ অক্টোবর প্রসিকিউশন খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করা হয়। ওই দিন এই আবেদনের শুনানি শেষে ৬ অক্টোবর আদেশের দিন ধার্য করে ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, খন্দকার মাহবুব হোসেনে বলেছিলেন, “এই বিচারটি একটি প্রহসনের বিচার, রাজনৈতিক প্রতিহিংসার বিচার। ইনশাল্লাহ জাতীয়তাবাদী শক্তি যদি ক্ষমতায় আসে, সত্যিকার অর্থে যারা যুদ্ধাপরাধী, তাদের বিচার হবে এবং নির্দোষ ব্যক্তিরা প্রতিহিংসার জন্য যাদের বিচার করা হয়েছে, কাল্পনিক গল্প দিয়ে যে মামলা তৈরি করা হয়েছে, অবশ্যই সেটা চলে যাবে। যারা এই প্রহসনের বিচারে সম্পৃক্ত, ইনশাআল্লাহ বাংলার মাটিতে তাদেরও বিচার হবে।”
[b]ঢাকা,৩মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]