বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সিইসি হিসেবে রকিবউদ্দীন আহমদ সাংবিধানিক দায়িত্ব পালন করেননি। তিনি সংবিধান বহির্ভূত বেআইনি কাজ করেছেন বলেই নির্বাচনে এতো রক্তপাত, সহিংসতা ও লোকক্ষয় হয়েছে।

আজ (রবিবার) এক সংবাদ সম্মেলনে চলমান ইউপি নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চার ধাপে এ পর্যন্ত ৭৯ জনের প্রাণ ঝরে গেছে। অথচ রকিবউদ্দিন সাহেব এটাকে পানিভাত মনে করছেন।

দেশের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা ছিলেন তিনি। এখন তার বক্তব্য ও কর্মকাণ্ড একেবারেই ভাঁড়ের পর্যায়ে উপনীত হয়েছে।

এছাড়া তিনি আরো বলেন, নির্বাচনী ব্যবস্থার বিকৃত স্বাস্থ্যবর্ধনে বর্তমান সিইসি যে ভূমিকা রেখেছেন, তা ইতিহাসে কালিমালিপ্ত কলঙ্কিত অধ্যায় হিসেবেই বিবেচিত হবে।

এর আগে শনিবার চতুর্থ ধাপে ৭০৩ ইউপির ভোট শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিইসি বলেন, এ ধাপেও কয়েকটি বিচ্ছিন্ন ও দুঃখজনক ঘটনা ঘটেছে। গোলযোগ, সংঘর্ষ ও হতাহতের ঘটনা ছাড়া সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে গণমাধ্যমেও বলা হয়েছে।

এসএম