তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন,বিরোধী দল চাইলে নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করতে পারে, গ্রামে গ্রামে কমিটি গঠন করতে পারে, মিটিং মিছিলও করতে পারে। তবে হাতে বোমা আর কোমরে চাকু নিয়ে আসলে সে আন্দোলন কঠোর হস্তে দমন করা হবে।

মন্ত্রী শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে সংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সাংবিধানিক সরকার। এ সরকারকে যারা অবৈধ বলছে তারা নির্বাচন ছাড়াই অবৈধভাবে ক্ষমতায় যেতে চেয়েছিল।

এসময় তথ্যমন্ত্রী টিভি উপস্থাপক ফারুকী হত্যাকা- প্রসঙ্গে বলেন, বর্তমান সরকার সব হত্যাকাণ্ডের ঘটনায় তড়িৎ গতিতে খুনিদের গ্রেপ্তার করছে, নারায়ণগঞ্জের ঘটনা তার নজির। সরকার দল দেখে মুখ দেখে কোন পদক্ষেপ নিচ্ছে না। বরং খালেদা জিয়া ও তার স্বামী জিয়াউর রহমানের খুনিদের আড়াল করার ইতিহাস আছে এবং খুনিদের নিয়ে রাজনীতি করার ইতিহাস আছে।

ইনু প্রশ্ন তুলে বলেন, বেগম খালেদা জিয়া জানলেন না বুঝলেন না ফারুকী হত্যার সরকারের ওপর চাপিয়ে দিচ্ছেন। এ ধরণের মিথ্যাচার খালেদা জিয়া অতীতেও করেছেন বর্তমানেও করছেন।

এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় সিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহাসিন ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন উপস্থিত ছিলেন।

ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ