বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে অবান্তর কথাবার্তা বলবেন না। সংযত হয়ে কথা না বললে আওয়ামী লীগ নেতা-কর্মীরা বসে থাকবে না।
শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘চলমান রাজনীতি- বিএনপি জামায়াতের ধ্বংসাত্বক রাজনীতি প্রত্যাখ্যান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি নেতারা বলেছেন- সরকারের পতন ঘটিয়ে পালাতক আসামী তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে। আমরাও চাই তিনি দেশে আসুক। আমরা তারেককে খুঁজছি। আইন-শৃঙ্খলা বাহিনী ও আদালত তারই অপেক্ষা করছে। তিনি যত দ্রুত আসবেন, ততো তাড়াতাড়ি বিচার কার্য শুরু হবে।
স্বাধীনতা পরিষদের উপদেষ্টা ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক হাসিবুর রহমান মানিক প্রমুখ।
এমআর/কেএইচ





