গুরুতর অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে।
সব প্রক্রিয়া সম্পন্ন করে আজ রোববার যে কোনো সময় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সে দেশে নেয়া হবে বলে জানিয়েছেন হান্নান শাহের বড় ছেলে শাহ রিয়াজুল হান্নান।
তিরি আরও জানান, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন তারা বাবার জন্য এখানকার চিকিৎসকরা একটি বোর্ড গঠন করেন। গঠিত এই বোর্ড সিদ্ধান্ত দেয় তার শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। তার হার্ট প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না। এই অবস্থায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে আমরা সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
মঙ্গলবার গুরুতর অসুস্থ হলে হান্নান শাহকে সিএমএইচে ভর্তি করা হয়। বৃহস্পতিবার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছিল। কিন্তু শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হলে আবার তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
এদিকে হান্নান শাহকে দেখতে শনিবার সিএমএইচে যান দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, শামা ওবায়েদ, ডা. রফিকুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন পর্যায়ের নেতা।
এসএ





