কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ বিকেলে সাক্ষাৎ করবেন স্বজনরা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া।
আজ (০৫ জানুয়ারি) রোববার চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা বিকেল ৩টায় সাক্ষাতের অনুমতি পেয়েছেন।
সর্বশেষ গত ১৬ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা সাক্ষাৎ করেন।
চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে ১৯ দিন ধরে স্বজনদের সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করে বিএনপি।
শুক্রবার (০৩ জানুয়ারি) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, নানা টালবাহানা শেষে ৩১ দিন পর গত ১৬ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাতের সুযোগ পেয়েছিলেন তার স্বজনরা। কিন্তু আজ ১৯ দিন অতিবাহিত হলেও তার সাথে স্বজনদের সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না। যা কারাবিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং কর্তৃত্ববাদী শাসকের মনোভাবের বহিঃপ্রকাশ। এমনকি আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাকে মানসিক শান্তি না দিতেই স্বজনদের সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না। খালেদা জিয়ার জীবন খুবই ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক। সাধারণ বন্দীদের সাথে সাত দিন পর পর দেখা করার সুযোগ থাকলেও বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে তাদের প্রতিফলিত হচ্ছে না। দেশনেত্রী বর্তমান সরকারের চরম নিপীড়নের শিকার।
এমবি





