পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পবিত্র মক্কা নগরীতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ তুলেছেন খাদ্য মন্ত্রী অ্যডভোকেট কামরুল ইসলাম এমপি।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে কৃষক লীগ আয়োজিত কৃষি ও কৃষকের বাজেট-২০১৪ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ তুলেন।
কামরুল বলেন, আমাদের দুঃখ হয় যখন দেথি ওমরা পালনের নামে পবিত্র মক্কা নগরীতে বসে সন্ত্রাসী র্কমকাণ্ডের পরিকল্পনা নিয়ে বৈঠক হয়। তিনি বলেন, মক্কা নগরীকে বসে ষড়যন্ত্র হোক আর লন্ডনে বসে ষড়যন্ত্র হোক বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়েই যাবে। কেউ কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তা কঠোর হাতে মোকাবিলা করা হবে। সে প্রস্ততি সরকার ও আওয়ামী লীগের আছে।
বিএনপির তর্জন গর্জনে কিছু হবে না মন্তব্য করে কামরুল বলেন, ঈদের পর কেন আগামী দুই-তিন বছরের মধ্যে কোমর সোজা করে দাঁড়াতে পারবে না বিএনপি। নির্বাচনের না যাওয়ার সিদ্ধান্ত বিএনপির জন্য ছিলো মস্তবড় ভুল। এ ভুলের মাশুল তাদের দীর্ঘদিন দিতে হবে।
ঢাকা মহানগর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক মির্জা আব্বাসকে জামায়াত ওরিয়েন্টের লোক আখ্যা দিয়ে কামরুল বলেন, নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি দেন কোনো বাধা দেবো না। কিন্তু ২০১৩ সালের মতো বাস পোড়ানো, মানুষ হত্যা করা, গাছ কাটা ও নৈরাজ্য সৃষ্টি করলে বরদাস্ত করা হবে না।
তিনি বলেন, ইউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার সংগঠনগুলো বেদেশি অর্থায়নে চলে। তারা আমাদের র্যাব বাহিনীকে বাতিল করার পরার্শ দেয়। কিন্তু ফিলিস্তিনের পক্ষে কথা বলে না। যারা ফিলিস্তিরের ওপর হামলা করছে তারা তাদের টাকায় চলে। আর এ সকল মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে রয়েছে বিএনপির সখ্য। বিএনপি নির্যাতিত মানুষের পক্ষে নাই, তারা অত্যাচারীদের পক্ষে।
কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন প্রফেসর ড. এম কামরুজ্জামান। বক্তব্য রাখেন- পরিকল্পনা কমিশনের অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম, কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শামসুল হক মৃধা প্রমুখ।
ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, এএইচ





