শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীতে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রায় তিনি এসব কথা বলেন। শোভাযাত্রাটি মুগদার মানিকনগর মডেল স্কুল মাঠ থেকে শুরু হয়ে বিশ্বরোড হয়ে খিলগাঁও, সবুজবাগ ও মুগদার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খিলগাঁও রেলগেট জোড়পুকুর মাঠে শেষ হয়।

কবির আহমেদ বলেন, যারা ৫ বছর ক্ষমতায় থেকে প্রতিবছর দেশকে দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন করেছে, তাদের নেতৃত্বে দেশ চলতে পারে না। তারা আবার ক্ষমতায় বসতে পারলে দেশকে দেউলিয়া করে দেবে। যাদের অতীত ইতিহাস দুর্নীতি–সন্ত্রাস–চাঁদাবাজিতে ভরা, তারা ভবিষ্যতে আরও ভয়াবহভাবে জাতিকে বিভ্রান্ত করবে। তাই এদের সুযোগ দেওয়া যাবে না। পাড়া-মহল্লা থেকে গ্রাম-গঞ্জ, হাট-বাজার—সব জায়গায় এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ৫ আগস্টের পর তাদের দলীয় নেতাকর্মীদের সন্ত্রাস–চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ।

ঢাকা-৯ আসনকে নতুন বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনগণকে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে একটি নিরাপদ, বাসযোগ্য ও মানবিক শহর উপহার দেওয়াই জামায়াতে ইসলামীর অঙ্গীকার।

তিনি আরও বলেন, অতীতে যারা এমপি হয়ে জনগণের সাথে প্রতারণা করেছে, দুর্নীতি–লুটপাটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, ব্যাংক–বীমার মালিক হয়েছে, নিজের নামে স্কুল–কলেজ খুলে শিক্ষা বাণিজ্য করেছে—তাদেরকে আর ভোট দেওয়া যায় না। তারা সুযোগ পেলে আবারও দুর্নীতির স্বর্গরাজ্য তৈরি করবে। জামায়াতে ইসলামীতে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজির কোনো স্থান নেই। জামায়াতের নেতৃত্বেই দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত নতুন বাংলাদেশ সম্ভব।

জামায়াতে ইসলামীকে পরীক্ষামূলকভাবে একবার নির্বাচিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামীর অঙ্গীকার—জাতি পাবে একটি নিরাপদ কল্যাণরাষ্ট্র। জুলাইয়ের শহীদদের স্বপ্নের বৈষম্যহীন মানবিক নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন দিন।
শোভাযাত্রায় অংশ নেওয়া হাজারো মোটরসাইকেল আরোহীর স্লোগানে ঢাকা-৯ আসনের রাজপথ উৎসবমুখর হয়ে ওঠে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৯ আসনের নির্বাচনী পরিচালক মাওলানা ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা-৯ আসনের জামায়াত মনোনীত প্রার্থী জননেতা কবির আহমেদ।
শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শুরা সদস্য, খিলগাঁও জোনের সহকারী পরিচালক এস এম মাহমুদ হাসান, সবুজবাগ–মুগদা জোনের সহকারী পরিচালক মনির বিন আনোয়ার, ঢাকা-৯ আসনের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান, মহানগরীর সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি সোহেল রানা মিঠুসহ বিভিন্ন থানা আমির, সেক্রেটারি ও নেতৃবৃন্দ।
এনএইচ