ছাত্রশিবিরের নেতাকর্মীদেরকে দক্ষতা উন্নয়ন ও আত্মগঠনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আতিকুর রহমান।
শুক্রবার সকালে রাজধানীর একটি মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের বার্ষিক পরামর্শ সভার বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ আজ পর্যন্ত দক্ষ যোগ্য এবং দূর্নীতিমুক্ত নেতৃত্ব পায়নি। যে কারনে অনেক সম্ভাবনার বাংলাদেশ তার মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। অথচ সমবয়সী স্বাধীন দেশ মালয়েশিয়া আজ এক উন্নত এবং সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে।
এটি সম্ভব হয়েছে তাদের দক্ষ ও দূর্নীতিমুক্ত বলিষ্ঠ নেতৃত্বের কারনে। দূর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ছাত্রশিবির সবসময় তৎপর।
আতিকুর রহমান বলেন, দূর্নীতি স্বজনপ্রীতি আর দলবাজির কারনে দক্ষ জনবল মার খাচ্ছে। নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধে নিজেকে গঠন করতে না পারলেই মানুষ দূর্নীতিপরায়ন হয়।
ছাত্রশিবির তাদের প্রত্যেকটি কর্মীকে আত্মগঠনের সর্বোচ্চ প্রক্রিয়ার মাধ্যমে এক একজন দূর্নীতিমুক্ত স্বচ্চ মেধাবী ও দক্ষ মানুষে পরিণত করছে। যাদের বলিষ্ঠ নেতৃত্ব উপহার দিবে এক সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ।
শাখা সভাপতি হাসান জারিফের পরিচালনায় পরামর্শ সভায় শাখা সেক্রেটারি জে. মাহমুদসহ মহানগরীর সকল পরামর্শ সভার সদস্যগন উপস্থিত ছিলেন।
এসএইচ





