সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের প্রাক্তন সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ‘সরকার নাটকীয়ভাবে কারচুপি করে যে সিটি নির্বাচন করেছে, তা অতীতের সব রেকর্ডকে হার মানিয়েছে। এর মাধ্যমে সরকার চূড়ান্তভাবে পরাজিত হয়েছে।’

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে নির্বাচনে অনিয়ম ও কারচুপির প্রতিবাদে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবেদীন বলেন, ‘মানুষের গণতান্ত্রিক ভোটের অধিকার, ভোটের আগের রাতেই হরণ করা হয়েছে। বর্তমান সরকারের অধীনে ভবিষ্যতেও কোনো সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।’ অবিলম্বে আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগের দাবি জানান তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, জাগপা সাধারণ সম্পাদক খোন্দকার লুৎফর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, প্রাক্তন ছাত্রনেতা বাবু সুরঞ্জন ঘোষ, কে এম রকিবুল ইসলাম রিপন, আবু ইউনুস লিটন, হাবিব উল্লাহ আকন প্রমুখ।

মানববন্ধন থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল রাজবন্দিদের মুক্তি দিয়ে সকল রাজনৈতিক দলকে গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক কর্মকা- পরিচালনার জন্য সুযোগ দেওয়ার আহ্বান জানান বক্তরা।

এএইচ