ক্রীড়া বান্ধব ঢাকা গড়ার লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক ও সাঈদ খোকনের সাথে মতবিনিময় করেছেন সম্মিলিত ক্রীড়া পরিবার।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে ক্রীড়া পরিবারের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সম্মিলিত ক্রীড়া পরিবারের পক্ষ্য থেকে ৫ দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে, নগরীতে খেলার মাঠ বৃদ্ধি করা, আর্থিক পৃষ্ঠপোষকতা, বেদখল মাঠ সংস্কার, নারী ও শিশুদের ক্রীড়া, নগরীতে শরীর চর্চা কেন্দ্র বৃদ্ধি।

দাবির প্রেক্ষিতে দক্ষিণের মেয়র প্রার্থী সাঈদ খোকন বলেন, প্রার্থী হিসেবে নয়, ভুক্তভোগী হিসেবে আমি জানি নগরীর সমস্যাগুলো। ঢাকার দক্ষিণে ৩৭টি মাঠ রয়েছে, তার অধিকাংশই বেদখল। নির্বাচিত হলে দাবি পূরণে সর্বাত্মক কাজ করবো।

ঢাকাকে বাসযোগ্য নগরী করে আগামী প্রজন্মের হাতে তুলে দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। নির্বাচিত হলে আগামী ৫ বছর নিজেকে নগরবাসীর জন্য বিলিয়ে দিব বলে উল্লেখ করেন তিনি।

উত্তরের প্রার্থী আনিসুল হক বলেন, নগর নিয়ে আমার স্বপ্ন রয়েছে এবং নির্বাচিত হলে বাস্তবায়ন করবো। আমি আবেগে নয়, যোগ্য প্রার্থী হিসেবে নগরবাসীর কাছে ভোট চাইব।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি শ্রী বাদল রায়, যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটর সভাপতি জাহিদ হাসান রাসেল, ক্রীড়াবিদ নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন, আওয়ামী লীগ নেতা মৃনাল ক্রান্তি দাস, সুজিত রায় নন্দী প্রমুখ।

এমআর/কেএইচ