সারাদেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ (০৮ এপ্রিল) বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারের কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে সকাল ৯টায় তিনি এই টিকা নেন।
আইসিটি বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিএসএমএমইউ’র ভিসিসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ থেকে সারা দেশে একযোগে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। গত ০৭ ফেব্রুয়ারি থেকে দেশে জাতীয়ভাবে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয়।
গতকাল (০৭ এপ্রিল) পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন। এরমধ্যে পুরুষ ৩৪ লাখ ৫৩ হাজার ২৯১ জন এবং নারী ২১ লাখ ১৫ হাজার ৪১২ জন। তাদের মধ্যে ৯৩৯ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, বুধবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকার জন্য মোট নিবন্ধন করেছেন ৬৯ লাখ ৭৫ হাজার ৯৩৯ জন।
এমবি





