বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সৈয়দ নজরুল ইসলাম খান বলেছেন, যারা ভোট পায় না তারা সচিবালয়ে বসে দেশ চালায়, আর যারা জনগনের ভোট পেয়েছেন তারা এখন কারাগারে।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অল কমিউনিটি ফোরাম কর্তৃক আয়োজিত ‘রাজণীতির দুর্বৃত্তায়ন ও প্রবীণ সাংবাদিক শফিক রেহমান এর মুক্তির দাবিতে নাগরিক সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, ভোট পেয়ে নির্বাচিত আমাদের গাজীপুরের মেয়র মান্নান, সিলেটের মেয়র আরিফ এখন কারাগারে। যারা ভোট পেয়ে ক্ষমতায় আসে তারাই ভোটে নির্বাচিতদের মূল্যায়ন করে, অন্যরা করে না। আওয়ামী লীগ ভোট পেয়ে ক্ষমতায় আসলে তারা এই আচরণ করতো না।
শফিক রেহমান সম্পর্কে তিনি বলেন, যিনি বাংলাদেশে ভালবাসা দিবসের উদ্যোক্তা, যার টেলিভিশন অনুষ্ঠানের নাম লাল গোলাপ অর্থাৎ তাও ভালবাসার প্রতিক। এ মানুষটিকে সরকার গ্রেফতার করেছে হত্যার চেষ্টা পরিকল্পনা মামলায় তা খুবই আশ্চর্যজনক এবং নোংরা আচরণ।
তিনি আরো বলেন, তাকে নোংরা কৌশলে তাকে গ্রেফতার করা হয়েছে। সাদা পোষাকে গ্রেফতার না করার নির্দেশ থাকলেও শফিক রেহমানকে পুলিম সাদা পোষাকে গ্রেফতার করেছে।
অর্থনীতির দেউলিয়াত্ব, অপমৃত্যু, শিশু হত্যা, নারী নির্যাতন বিষয়ে তিনি বলেন, দেশে এতো বেশি অপরাধ বেড়েছে এর পর সরকারের মন্ত্রীরা বলেন দেশের আইন শৃংখ্যলা আমেরিকার চাইতে ভালো।
অল কমিউনিটি ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যৃগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, অর্থ সম্পাদক আব্দুস সালাম, অল কমিউনিটি ফোরামের সাধারণ সম্পাদক কাবিরুল হায়দার চৌধুরী প্রমূখ।
ইআর/এইচ ই





