দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম। তিনি বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে হিন্দু-মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টিকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৫ অক্টোবর) রাজধানীর মিন্টু রোডে তার সরকারি বাসভবনে কুমিল্লার পূজামন্ডপে সৃষ্ট ঘটনা নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথা বলেন। খবর বাসস’র।

তাজুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশনসহ জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানের প্রতিনিধি তারা জাতির দুঃসময়ে, দুর্দিনে, বিপদে-আপদে সবার আগে মানুষের পাশে দাঁড়ায়। আমাদের দেশে সকল ধর্ম-বর্ণের মানুষ মিলে মিশে বসবাস করে। এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। আজকে সেই সম্প্রীতি নষ্ট করতে এবং দেশের উন্নয়নকে বাধাগস্থ করতে একটি মহল ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য জনপ্রতিনিধিদের সতর্ক থাকতে হবে। কুমিল্লার পূজামন্ডপে সৃষ্ট ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত এবং ষড়যন্ত্রের একটি অংশ উল্লেখ করে তিনি বলেন, এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আমরা হত দরিদ্র দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নত দেশের লক্ষে এগিয়ে যাচ্ছি, তখন একটি স্বার্থন্বেষীমহল এসব ঘটনা ঘটাচ্ছে। যারা এসব ঘটাচ্ছে তারা দেশ ও জাতির শত্রু। তারা কখনোই দেশের উন্নয়ন চায় না। সকল ধর্মের মানুষদের সহবস্থানে থাকার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছেন। মুসলিম প্রধান দেশ হলেও বঙ্গবন্ধু সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করেছেন। মানুষ যে ধর্মের হোক না কেন, সে যেন রাষ্ট্রীয় অভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারে এই নীতিমালা বাস্তবায়ন করে গেছেন। তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা সেই নীতি বাস্তবায়ন করছেন।

এমবি