বড়পুকুরিয়া কয়লা খনিতে এত বিশাল পরিমাণ কয়লা লুটপাটের পর দুদক (দুর্নীতি দমন কমিশন) তদন্ত শুরু করেছে। যেন রোগী মরিবার পর ডাক্তার আসিলেন।
আসলে দুদক তো সরকারের দুর্নীতি ধোয়ার মেশিন। শুক্রবার বেলা ১১টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রহুল কবীর রিজভী।
রিজভী বলেন, ‘আওয়ামী লীগ নিজেদের মান-সম্মান সম্পর্কে সচেতন নয় বলেই তারা মিথ্যা উন্নয়নের গলাবাজি করে। তাদের মুখে উন্নয়নের কথা শুনলেই মানুষের হাসি পায়। এত মেগা প্রজেক্টের আওয়াজ কিসের জন্য, তা জনগণের বুঝতে আর বাকি নেই। কারণ, এগুলো থাকলেই সেকেন্ড হোম ও বেগম পল্লী বানানো যায়।’
তিনি বলেন, ‘সারাদেশে শিক্ষা ও স্বাস্থ্যসেবা ধ্বংস হয়ে গেছে। একটু বৃষ্টিতেই ঢাকা-চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন শহর তলিয়ে যায়। জল ও যানযটে মানুষ সীমাহীন দুর্ভোগ পাচ্ছে। খানাখন্দে ভরা রাস্তাঘাটের বেহাল দশায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবন্দি করা হয়েছে। আগামী জাতীয় নির্বাচন একতরফা করতে দেশকে ভোটারশূন্য করার জন্যই সরকার ক্রসফায়ারকে নিজেদের টিকে থাকার একমাত্র অবলম্বন মনে করছে। আমরা সরকারের দূরভিসন্ধিমূলক ক্রসফায়ার বন্ধের জোর দাবি জানাচ্ছি।’
দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দুর্নীতির মাধ্যমে মানুষের সম্পদ লুটপাট না করার জন্য আহবান জানিয়েছেন। বিপুল পরিমাণ কয়লা গায়েব হওয়ার সময় তার মুখে এমন কথা মানুষকে হাসির খোরাক জুটিয়েছে। ক্ষমতাসীনদের মুখে উন্নয়নের জোয়ার, বাস্তবে দুর্নীতির পাহাড়।’
জেড





