সরকার দেশে নির্বাচন ব্যবস্থাকে অকার্যকর করে ফেলেছে মন্তব্য করে বিএনপির ভাইস-চেয়ারমান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, সরকার দেশের গণতন্ত্রের পর নির্বাচন ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছে।
অতীতে এভাবে আইয়ুব খান, ইয়াহিয়া গণতন্ত্র ও নির্বাচন ধ্বংস করে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলো। এ সরকারকেও এক সময় পিছনের দরজা দিয়ে পালাতে হবে।
তিনি সরকারকে গণতন্ত্রে ফিরিয়ে আনার আহবান জানিয়ে বলেন, সরকার যদি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় ফিরতে চায় তাহলে বিএনপি সহযোগিতা করবে।
আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা: নির্বাচন কমিশনের ভুমিকা’ শীর্ষক এ সভার আয়োজন করে বাংলাদেশ ইয়ূথ ফোরাম।
আয়োজক সংগঠনের উপদেষ্টা মো: আতিকুজ্জামানের সভাপতিত্বে ও সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের
সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, স্বাধীনতা ফোরামের
সভাপতি ও বিএনপি নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসানহাবিব লিংকন, ব্যারিস্টার আনোয়ার হোসেন, অ্যাডভোকেট শাহজাহান কবির সাজু,প্রমুখ।
আব্দুল্লাহ আল নোমান আরো বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের নামে সন্ত্রাস হয়েছে। আওয়ামী লীগ গুন্ডাবাহিনী দিয়ে নির্বাচন নিয়ন্ত্রণ করেছে।
এখন ভোটাররা আর ভোট কেন্দ্রে যেতে পারছে না। নির্বাচনে ১২ জন লোকের মৃত্যু হয়েছে। অতীতে জাতীয় নির্বাচনেও এত লোক মারা যায়নি। এত মৃত্যুর দায় সরকার ও নির্বাচন কমিশনকেই বহন করতে হবে।
এসএম





