ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতেই খালেদা জিয়া একের পর এক ষড়যন্ত্র ও চক্রান্ত করে যাচ্ছেন। সেই ষড়যন্ত্রকে চূড়ান্ত রূপ দিতে লন্ডনে তার পুত্র তারেক রহমানের কাছে যাচ্ছেন।’

রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় বৃহস্পতিবার দুপুরে তিনি এ কথা বলেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস সফল করতে এ সভার আয়োজন করা হয়।

শোক দিবস সফল করতে মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘কেউ কোনো দিন ঢাকা মহানগর আওয়ামী লীগকে চোখ তুলে কিছু বলতে পারেনি। তাই শোক দিবসে এমন কোনো কাজ করা যাবে না যাতে মানুষ খারাপ ভাবে।’

মহানগর আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘গত বুধবারের ২০ দলের বৈঠকে খালেদা জিয়ার বক্তব্যে প্রমাণিত হয়েছে তিনি জামায়াতকে ছাড়তে পারবেন না। তাই এই স্বাধীনতাবিরোধীদের সকল অপরাধের দায়-দায়িত্ব তাকেই (খালেদা জিয়া) নিতে হবে। বাংলাদেশে জামায়াতের কোনো স্থান নেই।’

মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ভালো কথা। তিনি লন্ডন থেকে ফিরে বিএনপিকে রাজনীতিতে সোজাপথে না বাঁকা পথে হাঁটাবেন সেটাই দেখার বিষয়।’

বঙ্গবন্ধু সম্পর্কে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কোনো নির্দিষ্ট দলের নয়, সার্বজনীন। দল যার যার বঙ্গবন্ধু সবার। তাকে নিয়ে বিভেদ সৃষ্টি করা উচিত নয়।’

নগরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, শেখ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।

এমএইচ