বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান লে. জে. (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে বর্তমান সরকার একটা কালো আইন প্রণয়ন করেছে। এর মাধ্যমে গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে গণতন্ত্র। কারণ গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করায় আমরা যুদ্ধ করেছিলাম।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত “মুক্তিযুদ্ধের চেতনা ও বর্তমান প্রেক্ষাপট” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুন:বহালের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন আর সিটি নির্বাচনে ২০ দলীয় জোটের অংশগ্রহণ একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন  জোটের এ নেতা।

বর্তমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলন করতে শক্তি লাগে। কর্মসূচি বাস্তবায়নের জন্য সক্রিয় কর্মী বাহিনী লাগে। সব শেষে বুদ্ধি লাগে। বুদ্ধির বিচারে আমরা বার বার হেরে যাচ্ছি।

সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেন, আমরা স্বাধীনতা অর্জন করেছি গণতন্ত্রের জন্য। কিন্তু বর্তমান সরকার গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে। সিটি নির্বাচনে বিএনপিসহ ২০ দলীয় জোটের প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে নির্বাচন উপযোগী সকল সুবিধা নিশ্চিত করতে হবে।

সালাহ উদ্দিনের সন্ধান নিশ্চিত করে অক্ষত অবস্থায় পরিবারের হাতে তুলে দেয়া সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।

সভায় সংগঠনের সভাপতি ডা. আজিজুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি আব্দুল সালাম, যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।

জেআই