জামায়াতের ঢাকা মহনগরীর মজলিসে শূরার সদস্য ড. আহসান হাবীব বলেছেন, অবৈধ আওয়ামী লীগ সরকারের হাত থেকে শুধু পুরুষ নয় নারীরাও আজ অনিরাপদ। দেশের বিভিন্ন স্থানে অভিযানের নামে পুরুষ শূন্য বাসা বাড়িতে গিয়ে নারীদেরকে নির্যাতন করছে যৌথবাহিনী।
ড. আহসান হাবীব আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মালিবাগে সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের ষড়যন্ত্রের প্রতিবাদে জামায়াতে ইসলামী রমনা থানা আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী কে গুম, গুলি করে হত্যা ও পঙ্গু করার মতো নির্মম নিষ্ঠূর কাজে ব্যবহার করে জনরোষ থেকে বাঁচতে চাচ্ছে। কিন্তু তাদের জানা উচিত অতীতে হিটলার-মুসোলিনীসহ কোনো স্বৈরাচারী সরকার এভাবে টিকে থাকতে পারেনি আওয়ামী লীগও পারবে না। অচিরেই আওয়ামী লীগের পতন হবে, কায়েম হবে জনতার সরকার।
এতে বক্তব্য রাখেন- থানা জামায়াতে সেক্রেটারী জিল্লুর রহমান, অফিস সম্পাদক ইউসুফ আলী, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার, জামায়াত নেতা মাহবুবুর রহমান, সাইদুর রহমান, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান ও মুরাদ হোসেন প্রমুখ।
মিছিলটি মালিবাগ রেলগেইট এলাকা থেকে শুরু হয়ে চৌধুরীপাড়া এসে সমাবেশে মিলিত হয়।





