প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা ও টুটুলসহ তিন জনকে কুপিয়ে আহত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘জান-মালের নিরাপত্তা দিতে এ সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে’

শনিবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি এ ধরনের কাপুরোষোচিত হত্যাকান্ড ও হামলার ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন।

বিএনপি চেয়ারপার্সন তাঁর বিবৃতিতে নিহত ফয়সাল আরেফিন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, নিহত ফয়সাল আরেফিন দীপন জিয়া স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি ছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত একজন নিবেদিত সংগঠক ছিলেন।
দেশের অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতিতে গভীর শঙ্কা প্রকাশ করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আরও বলেছেন যে, দেশে আইনের শাসনের অনুপস্থিতিতে-সমগ্র জাতি আজ এক শ্বাসরুদ্ধকর অবস্থায় নিপতিত হয়ে পড়েছে।

প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় জাগৃতি প্রকাশনী’র স্বত্ত্বাধিকারী প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে তার কার্যালয়ে কুপিয়ে হত্যা এবং এর আগে বিকালে অপর আরেকটি প্রকাশনী সংস্থা ‘শুদ্ধস্বর’ এর কার্যালয়ে ঢুকে প্রতিষ্ঠানটির কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিন জনকে কুপিয়ে আহত করা হয়।

এমএইচ