প্রবেশ ঠেকানোর নামে প্রথম দিকে রোহিঙ্গাদের সাথে সরকার ক্রসফায়ারে মেতে উঠেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল-নোমান।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের ব্যানারে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর উর্ধ্বগতির প্রতিবাদ এবং রোহিঙ্গা সমস্যার সমাধানের দাবিতে এই প্রতিবাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় নোমান বলেন, যখন রোহিঙ্গারা দলে দলে আসা শুরু করেছে, তখন সরকারের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হয়েছে।তাদের নৌকা ফিরিয়ে দেওয়া হয়েছে যে কারণে অনেক রোহিঙ্গা নৌকা ডুবিতে মৃত্যুবরণ করেছে এবং রোহিঙ্গারা ক্রসফায়ারের শিকার হয়েছে।

তিনি বলেন, অনেক রোহিঙ্গা গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে প্রবেশ করেছে, যে গুলি মায়ানমানের ছিলনা এসকল গুলি ছিল প্রবেশ ঠেকানোর গুলি, বাংলাদেশের গুলি।

নোমান অভিযোগ করেন, একটা ক্রসফায়ার হয়ে গেছে, তারা ঐ দিক থেকে মেরেছে, আমরা এ দিক থেকে মেরেছি যে কারণে দুর্বিসহ অবস্থার সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত যখন সারা বিশ্ব রোহিঙ্গাদের পক্ষে অবস্থান নিয়েছে, তখন সরকারের সুর কিছুটা নরম হয়েছে। সেই সুযোগে অনেক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের সুযোগ পেয়েছে।

রোহিঙ্গারা স্থায়ীভাবে বাংলাদেশে থাকুক, এমনটা আমরা চাইনা উল্লেখ করে নোমান বলেন, নিজ দেশে ফিরে যাওয়ার এবং সেখানে থাকার অধিকার তাদের আছে। তাদের দাবির সাথে আমরা একাত্ততা পোষণ করছি।

তিনি বলেন, তাদেরকে নিজ জন্মভুমিতে স্বাধীনভাবে থাকতে দিতে হবে। চলাফেরা ও নাগরিক অধিকার দিতে হবে। রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন চালানো হচ্ছে তা বন্ধ এবং নির্যাতনের খলনায়কদের আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে হবে।

জাতীয়তাবাদী কর্মজীবী দল এর সভাপতি হাজী লিটনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালি, সাবেক মন্ত্রী ও বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকি, সাবেক কমিশনার নবিউল্লাহ নবি ও ইউনুস মৃধা প্রমুখ।

জারিফ/কেবি