আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন, প্রখ্যাত সাহিত্যিক, সীরাত গবেষক, বিশিষ্ট রাজনীতিবিদ ও মাসিক মদীনা সম্পাদক মাওলানা মহিউদ্দিন খানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার গণমাধ্যমে প্রেরিত এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল ইয়াছিন আরাফাত বলেন, রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (শনিবার) বিকালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজীউন)। তার ইন্তেকালে জাতি এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দেশে ইসলাম ও ইসলামী আন্দোলনের প্রসার, আলেম সমাজকে ঐক্যবদ্ধ করণ ও ইসলামী বিরোধী সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

শিবির নেতৃবৃন্দ বলেন, তিনি ছিলেন বিশ্ববিখ্যাত মদীনা বিশ্ববিদ্যালয়ের একজন স্কলার ও ভিজিটিং প্রফেসর।

তার হাত ধরে দেশের অসংখ্য মেধাবী ছাত্র বিশ্বের সর্বোচ্চ এই দ্বীনি প্রতিষ্ঠানে অধ্যয়নে সুযোগ পেয়েছে। ইসলাম, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষায় তার ক্ষুরধার লেখনি ও আলোচনা ছিল জাতির জন্য দিকনির্দেশনা বলেও মন্তব্য করেন তারা।

নেতৃবৃন্দ বলেন, তার প্রতিষ্ঠিত মাসিক মদীনা পত্রিকা ও মদীনা পাবলিকেশন্স মুসলিম উম্মাহর জন্য এক পথপ্রদর্শক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার ভূমিকা ছিলো অত্যান্ত বলিষ্ঠ। নদী আগ্রাসন প্রতিরোধ কমিটি গঠন করে তিনি ভারতীয় নদী আগ্রাসন ও টিপাইমূখ বাঁধের বিরোদ্ধে গর্জে উঠেছিলেন। দেশ ও জনগণের জন্য তার গৌরব উজ্জ্বল ভূমিকা জাতি চিরকাল মনে রাখবে।

নেতৃবৃন্দ আরো বলেন,তার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। দেশের এই সংকট কালে তাঁর মত একজন প্রবীণ আলেমে দ্বীনের ইন্তেকালে অপূরণীয় ক্ষতি হয়েছে।

এছাড়াও নেতৃবৃন্দ মরহুমের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

এমআইএস