ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর প্রার্থী ও বিএনপি নেতা কাজী হাসিবুর রহমান ওরফে শাকিলকে নির্বাচনের প্রচারণাকালে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নামে অবরোধ ও হরতালে গাড়ি ভাঙচুরের মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।

সূত্র জানায়, শনিবার রাত ৮টার দিকে পল্টন থানাধীন চামেলীবাগ এলাকা থেকে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাকিলকে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ। গ্রেপ্তারকৃত শাকিলের বিরুদ্ধে পল্টন থানায় গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

গত ১১ই জানুয়ারি তার নামে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের ডিসি (ভারপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর হোসেন।

এর আগে ঢাকা উত্তরের ১১ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থী এএলএম কাউসার আহমেদকে প্রচারণা চালানোর সময় গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ। নাশকতার মামলায় তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ।

ইআর