কর্মদিবসে রাস্তা বন্ধ করলে জনদুর্ভোগ বিবেচনায় নয়াপল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একবছর পূর্তি উপলক্ষে সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি।

এদিকে আজ সোমবার ভোর থেকে বিএনপির এ সমাবেশকে ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে রাখা হয়েছে প্রিজনভ্যান, এপিসি, রায়ট কার ও জল কামান।

পোশাকধারী পুলিশের সঙ্গে সাদা পোশাকে রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কোনো নেতাকর্মীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন ডেকেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, আমরা সমাবেশের অনুমতি দেইনি। অফিস খোলার দিনে রাস্তা বন্ধ করে কোনো রাজনৈতিক কর্মসূচি আমরা অ্যালাউ (অনুমোদন) করবো না।

এএস