গণতন্ত্র নয়, সুশাসন ও সঠিক নেতৃত্ব দিয়েই রাষ্ট্রের উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

তিনি বলেন, গণতন্ত্র দিয়ে প্রকৃতপক্ষে দেশের উন্নয়ন হয় না। দেশের উন্নয়নের জন্য সুশাসন ও সঠিক নেতৃত্বের প্রয়োজন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েই এটা সম্ভব।

শুক্রবার দুপুরে রাজধানীর পানি উন্নয়ন বোর্ড (ওয়াপদা) অডিটোরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে “পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারি লীগ”(সিবিএ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, কিছুদিন আগে অষ্ট্রেলিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তিনি গণতন্ত্রের কথা বলেছেন। আমি বলেছি, বিশ্বের কোনো দেশ গণতন্ত্রের মাধ্যমে এগিয়ে যেতে পারেনি। মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীনসহ বিভিন্ন দেশ গণতন্ত্র দিয়ে নয়, সুশাসন ও যোগ্য নেতৃত্বের মাধ্যমেই এগিয়ে গেছে। দেশকে এগিয়ে নিতে হলে সুশাসন ও সঠিক নেতৃত্বের মাধ্যমেই নিতে হবে।

তিনি বলেন, খালেদা জিয়ার স্কুল সার্টিফিকেটে তার জম্ম তারিখ ৫ সেপ্টেমবর। কাবিন নামা ও ১৯৯১ সালে তিনি প্রথম প্রধানমন্ত্রীর শপথকালে দেয়া হয়েছে আরেকটি জম্ম তারিখ। ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন নয়। ১৯৯৬ সাল থেকে মিথ্যা ঘোষণা দিয়ে তিনি ১৫ আগস্ট জন্মদিন পালন করছেন।

আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপি-জামায়াতকে সমূলে বিনাশ করতে হবে। তাদের বিষবাস্প সারাদেশে ছড়িয়ে গেছে। দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে সর্ব প্রথম তাদেরকে সমূলে বিনাশ করতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যার বিষয়ে জিয়াউর রহমান জানতেন। তিনিই পেছন থেকে কলকাঠি নেড়েছেন। জিয়া মুক্তিযদ্ধের পক্ষে ছিলেন না। বঙ্গবন্ধু হত্যার পর এটা প্রমাণ হয়েছে। জিয়াউর রহমান বাংলাদেশে পাকিস্তানের এজেণ্ডা বাস্তবায়ন করেছেন। এখন ঐ একই পথে হাটছেন তার স্ত্রী ও সন্তান।

পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারি লীগের(সিবিএ) সাধারণ সম্পাদক সুলতান আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

ঢাকা, এমআর, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম