হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার ঝর্ণার বাবা ওলিয়ার রহমান তার মেয়েকে জরুরিভিত্তিতে উদ্ধার করতে কলাবাগান থানায় জিডি করেন।

ওই জিডির ভিত্তিতেই মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর বসিলার একটি বাসা থেকে ঝর্ণাকে উদ্ধার করে ডিবি।

ঝর্ণাকে উদ্ধার করার বিষয়টি মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবির মতিঝিল বিভাগের উপ-কমিশনার মো: আসাদুজ্জামান।

তিনি বলেন, ঝর্ণাকে উদ্ধার করে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়। পরে তাকে তার বাবার জিম্মায় দেয়া হয়েছে।

জানা গেছে, গত ০৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টের ঘটনাপ্রবাহের পর থেকে ঝর্ণার খোঁজ পাচ্ছিল না পরিবার। ওই ঘটনার সময় ঝর্ণা তার দ্বিতীয় স্ত্রী বলে জানিয়েছিলেন মামুনুল হক।

তাকে উদ্ধারে বাবা ওলিয়ার রহমান ও বড় ছেলে আবদুর রহমান জামি ঢাকার দুটি থানায় সাধারণ ডায়েরি করেন।