মাগুরায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু ও মাকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে যান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢামেকে যান তিনি। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে মা নাজমা বেগমের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন।
এসময় ঢামেকের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি উত্তরা, মিরপুরের পীরেরবাগ ও হাজারীবাগে ধর্ষণের শিকার তিন শিশুকে দেখতে যান প্রতিমন্ত্রী।
পরে সাংবাদিকদের তিনি জানান, মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশুটি এখনও শঙ্কামুক্ত নয়। তার সুস্থতার জন্য চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে মা এখন ভালো আছেন।
তিনি আরো জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
চুমকি বলেন, সরকার সন্ত্রাস ও অন্যায়ের প্রশ্রয় দিচ্ছে না। সন্ত্রাসী যে দলেরই হোক, কোনো ছাড় দেওয়া হবে না।
এমকে





