সরকার বিএনপিকে বোকা বানানোর পাঁয়তারা করছে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ক্ষমতাসীনরা বিএনপির নেতাকর্মীদের ধ্বংস করার চেষ্টা করছে।
কিন্তু তাদের এই অপচেষ্টা টিকবে না। কারণ জনগণ তাদের ভোটাধিকার ছিনিয়ে নিবে। আর তখন নৌকায় নয়, জনগণ ধানের শীষেই ভোট দিবে।
রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স লাউঞ্জে এক প্রতিবাদ সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি’ শীর্ষক এ প্রতিবাদ সভার আয়োজন করে ধামরাই থানা সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ।
বর্তমান ক্ষমতাসীনরা যেভাবে রাজনীতিবিদের হয়রানি করছে পাকিস্তানের শাসন আমলেও রাজনীতিবিদরা এত সমস্যার সম্মুখিন হয়নি বলে মন্তব্য করেন নোমান।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আব্দুল্লাহ আল নোমান বলেন, আপনি আশঙ্কা করেছেন, বর্হিবিশ্বের ন্যায় অশান্তির ঘূর্ণিঝড় বাংলাদেশেও পড়তে পারে। এর অর্থ দেশে সহিংসতা দেখা দেবে। তবে আমি আপনাকে বলতে চাই, এ ধরেনর ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি আপনাদের পাশে আছে। কিন্তু এর আগে আসুন জাতীয় সংলাপে বসি। আর এই সংলাপের মাধ্যমে কিছু সমস্যার সমাধান হবে, আবার কিছু সমাধান হবে না।
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের পর ৪ মাস অতিবাহিত হলেও নগরের কোন উন্নয়ন হয়নি মন্তব্য করে তিনি বলেন, সময় পাড় হয়ে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত নগর মেয়ররা কোন ধরনের উন্নয়নের কাজ দেখাতে পারেননি।
বিএনপির এ নেতা বলেন, গত ৪ মাসে নগর উন্নয়নের জন্য মেয়ররা বাজেটের ৪ শতাংশ খরচ দেখিয়েছেন। অথচ গত ৪ মাসে ঢাকার কোন উন্নয়ন হয়নি।
ঢাকার শহরের ময়লা-আর্বজনা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে- প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় নোমান বলেন, প্রধানমন্ত্রী পরিবেশের উপর সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন। অথচ তিনিই পরিবেশকে ধ্বংস করার জন্য ময়লা-আর্বজনা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের কথা বলছেন।
ঢাকা জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
এমএ





