জয়পুরহাট শহরের রামদেও (আরবি গভ. হাইস্কুল) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার বিকাল পৌনে ৪টায় সভামঞ্চে ওঠেন তিনি। এসময় জনসভাস্থলে উপস্থিত হাজারো নেতাকর্মী করতালি দিয়ে স্বাগত জানান খালেদাকে। এসময় খালেদা জিয়াও হাত নেড়ে জনতার অভিনন্দনের জবাব দেন।

এর আগে আষাঢ়ের গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে দুপুর ২টায় জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধানের সভাপতিত্বে জনসভা শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষের ঢল নেমেছে জনসভাস্থলে। প্রিয় নেত্রীর বক্তব্য শুনতে, তাকে কাছ থেকে একনজর দেখতে জয়পুরহাটের হাজার হাজার জাতীয়তাবাদী সমর্থিত জনগণ ভিড় করে। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা হাজির হন জয়পুরহাট বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের জনসভাস্থলে।

জনসভা আয়োজকদের দাবি, আগামী রোজা ও ঈদের পর ১৯ দলের সরকার পতনের আন্দোলন-সংগ্রামের রূপরেখা ও দিক নির্দেশনা ঘোষিত হবে এ জনসভাতেই। তাই বেগম জিয়া গুরুত্বপূর্ণ এ জনসভাকে রাজনৈতিক সঙ্কট উত্তরণের টার্নিংপয়েন্ট হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকা, এমএইচ,২২জুন(টাইমনিউজবিডি.কম)