পৌর নির্বাচনে জোটগতভাবে প্রচারণায় অংশ নিতে ২০ দলের মহাসচিবদের বৈঠক ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ বিষয়ে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। পৌর নির্বাচন নিয়ে আলোচনা করতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব এ বৈঠক ডেকেছেন বলে জানান বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম।

বিএনপির কেন্দ্রীয় নেতারা নির্বাচনী মাঠে : পৌর নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে প্রচারে নেমে পড়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান শুক্রবার টাঙ্গাইলের বিভিন্ন পৌরসভায় দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ করেন।

সঙ্গে থাকা ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ জানান, মির্জাপুর পৌরসভায় দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ করার মধ্য দিয়ে বেলা এগারোটা থেকে তারা দিনের কার্যক্রম শুরু করেন। পর্যায়ক্রমে জেলার সব কটি পৌরসভায় দলীয় প্রার্থীর পক্ষে তারা গণসংযোগ করবেন। মঙ্গলবার তারাব পৌরসভায় দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ শুরু করেন গয়েশ্বর চন্দ্র রায়।

দলের স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বৃহস্পতিবার থেকে রংপুর বিভাগের বিভিন্ন পৌরসভায় দলীয় প্রার্থীদের পক্ষে গণসংযোগে শুরু করেছেন। শুক্রবার বিকালে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বরিশালে বিভাগীয় নেতাদের নিয়ে বৈঠক করেছেন।

এআই