বিএনপির হরতাল-অবরোধ যেভাবে হারিয়ে গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও একদিন সেভাবে হারিয়ে যাবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
বুধবার দুপুরে টাঙ্গাইল ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সভায় তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, বাংলার জনগণ এখন আর হরতাল-অবরোধ মানে না। বিএনপির হরতাল-অবরোধ এখন গুপ্ত বিবৃতির মধ্যে সীমাবদ্ধ। বাংলার মাটি থেকে যেভাবে তাদের হরতাল অবরোধ হারিয়ে গেছে। সেভাবে একদিন বিএনপি নেত্রীও হারিয়ে যাবেন।
তিনি বলেন, খালেদা জিয়ার স্বপ্ন কখনও বাংলার মাটিতে বাস্তবায়ন হবে না। তার স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে। কেননা খালেদা জিয়ার কথা এখন তার নেতাকর্মীরাই শোনেনা সাধারণ জনগণ তো দূরের কথা। উনার কথা শোনে শুধু জঙ্গিবাদী সন্ত্রাসীরা।
আওয়ামী লীগের এ নেতা বলেন, ২০১৯ সালের আগে বাংলাদেশে নির্বাচন হবে না। ২০১৯ সালে শেখ হাসিনার নেতৃত্বেই জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ আবারও জনগণের রায় নিয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন আর রশীদ হীরার সভাপতিত্বে এ সভায় আরো বক্তব্য রাখেন— সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন প্রমুখ।
এমআর/এসএইচ





