বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও রমনা থানা আমীর ড.মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সুখী-সমৃদ্ধশালী ও কল্যাণমুখী রাষ্ট্র কায়েমের জন্য জামায়াত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য যে সৎ, যোগ্য ও দক্ষ মানুষের প্রয়োজন সে মানুষ তৈরীর জন্য জামায়াত সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।

গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে একটি মিলনায়তনে রমনা থানা জামায়াত আয়োজিত ঈদ প্রীতি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

জনাব ড.করিম আরো বলেন, বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের উপর সরকারের অগণতান্ত্রিক আচরণ, রাস্তাঘাটের বেহালদশা, অর্থনৈতিক মন্দার কারণে বাংলাদেশের মানুষ এবার সুন্দরভাবে ঈদ উদ্যাপন করতে পারেনি।

উন্নয়ন ও অগ্রগতির পরিবর্তে সরকার দেশকে পিছনে ঠেলে দিচ্ছে। বয়োবৃদ্ধ জননেতা অধ্যাপক গোলাম আযমের মতো ভাষাসৈনিককে তিলে তিলে হত্যা করার অপচেষ্টায় লিপ্ত এই সরকার।

ইসলামী আন্দোলনের পরিবারগুলোতে আজ ঈদের আনন্দ নেই। শীর্ষ নেতৃবৃন্দসহ হাজার-হাজার নেতা-কর্মী আজ কারাগারে। পুলিশের গুলিতে ৪ শতাধিক নেতা-কর্মী শাহাদাত বরণ করেছে। কেউবা মামলার হুলিয়া নিয়ে অস্বাভাবিক জীবন-যাপন করছে।

সরকারের নির্মম নির্যাতনের কারণে ৪ সহ¯্রাধিক নেতা-কর্মী পঙ্গত্ববরণ করেছে। এমতাবস্থায় এই সকল নির্যাতিত পরিবারগুলোতে এখন আর কোন ঈদ হয় না। ঈদ আসলে এসকল পরিবারগুলোতে দুঃখ কষ্ট এসে হাজির হয়।

কুরবানীর শিক্ষা নিয়ে বাংলাদেশের ইসলাম প্রিয় জনতাকে দেশ বাঁচাতে, ঈমান বাঁচাতে, অগণতান্ত্রিক, অবৈধ আওয়ামী সরকারের পতন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান। 

থানা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জিল্লুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ঈদ প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন, ৫৪ ওয়ার্ড থানা জামায়াতের সভাপতি আতাউর রহমান সরকার, ৫৫ ওয়ার্ড সভাপতি খন্দকার রহুল আমীন, ৫৩ ওয়ার্ড মাহবুবুর রহমান ও জামায়াত নেতা আক্তার হোসাইন প্রমুখ।

এসএইচ