আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ১৯৭১ ও ১৯৭৫ সালের খুনিদের ও তাদের দোসরদের কোনো গণতান্ত্রিক অধিকার নেই। গণতন্ত্র অধিকার দেশের জনগণের। এই খুনিদের সাথে আমাদের কোনো সমঝোতা হতে পারে না। এদেরকে কোনো সুযোগ দেয়া হবে না।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে “২১ আগস্ট বাংলাদেশ”আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, ‌১৯৭১ সালের পরাজিত শক্তিরা অতীতে ভয়াবহ চক্রান্ত করেছে। তাদের চক্রান্তে ২০০৪ সালের ২১ আগস্ট আমাদের মহয়সী নারী নেত্রী আইভি রহমান সহ অনেক নেতাকর্মীকে হারিয়েছি। তখন বিএনপি-জামায়াত ক্ষমতায় ছিল। এই জঘন্যতম হত্যাকান্ডের কোনো তদন্ত করা হয়নি। বরং এ হত্যাকান্ডের সকল আলামত নষ্ট করে দেয়া হয়েছিল।

তিনি বলেন, বিএনপির ক্ষমতায় থাকাকালে কোনো হত্যাকান্ডের বিচার হয়নি। অথচ এখন তারা গণতন্ত্রের কথা বলেছেন। ২০০৯ সাল থেকে শেখ হাসিনার নেতৃত্বে আমরা যুদ্ধাপরাধী-বঙ্গবন্ধু হত্যাকান্ডসহ অনেক হত্যাকান্ডের বিচার শুরু করেছি।

একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি-জামায়াত, আল-কায়দা, তালেবান, জঙ্গিগোষ্ঠি এরা সবাই এক এবং অভিন্ন। এদের আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। এদের নেতৃত্বেই ২১ আগস্ট গ্রেনেট হামলা হয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল একটাই আওয়ামী লীগকে ধ্বংস করা।

তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেট হামলার বিচার শুরু হয়েছে। আমার জানামতে এখন পর্যন্ত ৯৭ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। খুব দ্রুত এ বিচার কার্য সম্পন্ন করা হবে।

কামরুল বলেন, সামনে ভয়াবহ যুদ্ধ। এই জঙ্গি গোষ্ঠিকে আর ক্ষমতায় আসতে দেয়া হবে না। নৈরাজ্যমূলক ও ভিডিও বার্তার আন্দোলন বাংলাদেশে আর করতে দেয়া হবে না।

সংগঠনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ. আ. ম. স. আরেফীন সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো: আবু কাওসার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ প্রমুখ।

ঢাকা, এমআর, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ