ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে গেছে মন্তব্য করে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেছেন, রাস্তার ফুটপাত হকারমুক্ত করতে হবে। দোকান রাখা চলবে না। ফুটপাতে মানুষের চলাচলের ব্যবস্থা করতে হবে।
রোববার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) এক সেমিনারের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী।
‘আরবান থিংকার্স ক্যাম্পাস, দ্য সিটি উই নিড’ শীর্ষক তিন দিনব্যাপী ওই সেমিনারের যৌথ আয়োজক বুয়েটের স্থাপত্য বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং ১০টি বেসরকারি সংগঠন। সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল ‘মেগানগর: আশা ও বাস্তবতার সমন্বয়কারী’।
গণপূর্তমন্ত্রী বলেন, হকার্স মার্কেটে অনেক দোকান আছে। কিন্তু কজন হকার আছেন? রাজনৈতিক নেতা-কর্মী আর প্রভাবশালীদের ১৫-২০টা করে দোকান আছে।
রাজধানীতে উঁচু ভবন নির্মাণ করতে হলে ‘পয়োবর্জ্য-দূষণমুক্ত যন্ত্র’ বসাতে হবে উল্লেখ করে মোশাররফ হোসেন বলেন, ‘এটা ঢাকা ওয়াসারই দেখা উচিত।’
সরকারি-বেসরকারি সব প্রকল্পে বাধ্যতামূলকভাবে পয়োবর্জ্য-দূষণমুক্ত যন্ত্র বসানোর ঘোষণা আসবে বলেও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, নগরকে স্বাস্থ্যসম্মত রাখতে হলে এর বিকল্প নেই।
এমআর





