ফের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণ না করা হলে বৃহস্পতিবার বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বারিধারায় হেফাজতে ইসলাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগরীর আহবায়ক আল্লামা নূর হোসাইন কাশেমী এ কর্মসূচি ঘোষণা করেন।
এসময় তিনি বলেন, লতিফ সিদ্দিকী একটা বেয়াদব। সে ইসলামের চরম শত্রু। সে জনগণের টাকা দিয়ে জাতিসংঘে গিয়ে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে বিচারের আওতায় আনার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি। তা না হলে আগামী ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করা হবে। সেই সমাবেশ থেকে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
নূর হোসাইন বলেন, এ দেশের ৯০ ভাগ লোক মুসলমান। হজ ইসলামের একটি অন্যতম স্তম্ভ। এটির কথা কোরআনে অনেকবার উল্লেখ করা হয়েছে। সামর্থবান লোকদের জন্য হজ ফরজ করেছেন আল্লাহ।
এদেশের প্রধানমন্ত্রীও অনেকবার হজ পালন করেছেন। রাশেদ খান মেনন ও ইনুও এবার হজে গেছেন। তাই ওই পাগল মন্ত্রীর শাস্তির দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলন শেষে আগামী বৃহস্পতিবারের সমাবেশ ও বিক্ষোভ মিছিলে দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণ করার আহবান জানান হেফাজতের এই কেন্দ্রীয় নেতা।
এআর-জেআই





