খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, জনগণের জানমাল রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে যে সকল সন্ত্রাসী নিহত হচ্ছে এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা মাত্র। যে কোন মূল্যেই নাশকতা নির্মূল করা হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী আরো কঠোর থেকে কঠোরতর হবে।

শুক্রবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের সাম্যবাদী দলের মহানগর কার্যালয়ে হরতাল-অবরোধের নামে ২০ দলীয় জোটের সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন- সন্ত্রাসীদের সাথে কোন আলোচনা নয়। বিএনপি মানুষকে পুড়িয়ে মারছে। এ বিষয়ে সরকার জিরো টলারেন্সে রয়েছে। জনগণের জানমাল রক্ষায় কোন ধরনের নাশকতা সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, চলমান আন্দোলনে জনসমর্থন না পেয়ে বিএনপি আগামীকাল (শনিবার) বিক্ষোভ কর্মসূচি দিয়ে একটি সম্মানজনক ক্রান্তি খুঁজছে। তবে শান্তিপূর্ণ কর্মসূচির নামে নৈরাজ্য, বিশৃঙ্খলা ও বোমাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের কোন আপত্তি নেই। জনগণ এতে স্বস্থি পাবে।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে এ সময় আরও মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড আবুল হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।

এমআর/ এআর