আওয়ামী সরকার গায়ের জোরে দেশ থেকে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোট নেতা ও বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া।
তিনি বলেছেন, দেশে এখন জনগনের নির্বাচিত ও গণতান্ত্রিক সরকার নাই। বর্তমান সরকার জোর করে একদলীয় নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছে। দেশে এখন একদলীয় সরকারের শাসন চলছে।
সোমবার সকালে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ এর যৌথ সভায় তিনি এসব কথা বলেন।
গোলাম মোস্তফা বলেন, দেশে এখন গণতন্ত্র নাই। মানুষের কথা বলার অধিকার নেই। জীবনের নিরাপত্তা নেই। দেশ আজ এক মহাসংকটে। এই সংকট গণতন্ত্রের। সরকার পুরো দেশে এই সংকট তৈরি করে জনগনকে অনিশ্চিয়তার পথে ঠেলে দিচ্ছে।
তিনি বলেন, এক সাগরের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের গণতন্ত্র, মানবতা, মানবাধিকার আজ পদদলীত। দেশের মানুষ অতীতে কখনও একদলীয় শাসন মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না, বলেন ন্যাপ মহাসচিব।
সভায় নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা আইয়ূব খানের আত্মহত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবি জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনার ধ্বজাধারি সরকারের আমলে একজন মুক্তিযোদ্ধার আত্মহত্যার মাধ্যমে প্রমাণিত হয় এই সরকারের আমলে কেউ নিরাপদ নয়। মুক্তিযোদ্ধা আইয়ূবের আত্মহত্যা জাতি হিসাবে আমাদের লজ্জ্বিত ও অপমানিত করেছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, নগর আহবায়ক সৈয়দ শাহজাহান সাজু, সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, যুগ্ম আহবায়ক আনছার রহমান শিকদার, ভাসানী সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের আহবায়ক মতিয়ারা চৌধুরী মিনু,
সদস্য সচিব সোলায়মান সোহেল, বাংলাদেশ যুব ন্যাপ যুগ্ম আহবায়ক মো. শামিম ভুইয়া, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ন্যাপ যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল মাসুম, বিপ্লবী শ্রমিক ফেডারেশন সদস্য আবদুল্লাহ কাউছার, বাংলাদেশ জাতীয় ছাত্রদলের শামিম হোসাইন প্রমুখ।
এআর





