সরকার আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যা সমাধানের উদ্যোগ না নিলে আন্দোলনের মাধ্যমেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবী আদায় করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ঢাকা দক্ষিন ও উত্তরের শ্রমিক দলের নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির আন্দোলন চলমান কখনো গতি বাড়বে কখনো কমবে মোট কথা অবৈধ সরকারের আচরণের উপর নির্ভর করবে আগামী দিনের আন্দোলন কর্মসূচি।

প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনের নাকচের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এরশাদ সরকারও জোর করে ক্ষমতায় থাকতে চেয়ে ছিলো পারেনি। আওয়ামী লীগ সরকারও পারবে না। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করে।আর শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই এই সরকারের পতন নিশ্চিত করা হবে।

এসময় তিনি হজ ও তাবলীগ জামায়াত নিয়ে কটুক্তি করায় অবৈধ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বরখাস্ত ও শাস্তি দাবী করেন তিনি।

এসময় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিমসহ শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা, এমএইচ, ৩০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম